×

ফুটবল

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ফাইল ছবি

নিয়মিত অধিনায়ক মারকিনিওস নেই চোটের কারণে। তার অনুপস্থিতিতে ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব পেলেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন এই উইঙ্গার। দলের অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে একাধিক বিকল্প থাকলেও শেষ পর্যন্ত রাফিনিয়ার ওপরই আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। চলতি বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে জাপান ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল।

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোট পান মারকিনিওস। সেই চোটের কারণে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়কের। ফলে নতুন করে নেতৃত্বের দায়িত্ব বণ্টন করতে হয়েছে আনচেলত্তিকে।

ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো এসপোর্তে' জানিয়েছে, অধিনায়কত্বের জন্য ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালিয়েসের নামও বিবেচনায় ছিল। তবে আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ক্রম বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। সেই হিসেবেই দায়িত্ব পেয়েছেন রাফিনিয়া। তিনি মাঠে না থাকলে ব্রুনো গিমারায়েসের হাতে উঠতে পারে আর্মব্যান্ড।

শুধু অভিজ্ঞতা কিংবা বার্সেলোনায় নেতৃত্ব দেওয়ার কারণেই নয়, জাতীয় দলের প্রতি রাফিনিয়ার দায়বদ্ধতাও মুগ্ধ করেছে আনচেলত্তিকে। সম্প্রতি ব্রাজিলের হয়ে খেলার জন্য অস্ত্রোপচারের সময়সূচি এগিয়ে আনেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

অক্টোবরের শুরুতে মাথায় আঘাত পাওয়ার পর তার বাঁ কানে সংক্রমণ ও ব্যথার সমস্যা দেখা দেয়। অস্ত্রোপচারের প্রয়োজন হলে বার্সেলোনা চেয়েছিল আন্তর্জাতিক বিরতির সময় সেটি করাতে। কিন্তু তাতে জাতীয় দলের দুটি ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়ত। তাই ২৬ অক্টোবর, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পরদিনই অস্ত্রোপচার করান রাফিনিয়া।

কয়েকটি অনুশীলন সেশন মিস করলেও দ্রুত মাঠে ফেরেন তিনি। কানে সুরক্ষামূলক ব্যান্ডেজ নিয়েই বার্সেলোনার হয়ে খেলেছেন। তার এমন সিদ্ধান্তকে জাতীয় দলের প্রতি আন্তরিকতার প্রমাণ হিসেবে দেখেছে ব্রাজিলের কোচিং স্টাফ। এদিকে জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একাদশ নিয়েও কাজ শুরু করেছেন আনচেলত্তি। বুধবার সিঙ্গাপুরে অনুশীলনে রক্ষণভাগ ও আক্রমণভাগের সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত মিললেও মাঝমাঠ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইতালিয়ান কোচ।

অনুশীলনের ভিত্তিতে গোলপোস্টের নিচে বেন্তোর খেলার সম্ভাবনা বেশি। রক্ষণে থাকতে পারেন ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালিয়েস ও দগলাস সান্তোস। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ প্রান্তে এবং এস্তেভাও ডান প্রান্তে খেলতে পারেন। রাফিনিয়াকে দেখা যেতে পারে মাঝখানে, কেন্দ্রীয় আক্রমণভাগের ভূমিকায়।

তবে মাঝমাঠের জায়গাগুলো নিয়ে প্রতিযোগিতা চলছে। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোনতেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে পরীক্ষা করেছেন আনচেলত্তি। পুরোপুরি ফিট থাকলে ব্রুনো গিমারায়েসের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। যদিও টানা তিন দিন তাকে অনুশীলনের চাপ থেকে কিছুটা দূরে রাখা হয়েছে।

জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচ দিয়েই ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে আনচেলত্তির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App