×

ফিচার

আমি সিনেমার নির্মাতা ব্যবসা বুঝি না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৪১ পিএম

তৌকির আহমেদ পরিচালিত কোনো সিনেমাই ব্যবসাসফল হয়নি। কিন্তু প্রশংসিত হয়েছে, দর্শকের চিন্তাকে নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পেয়েছে পুরস্কার। এই নির্মাতার ছবিগুলো কেন ব্যবসাসফল হয়নি? সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান
মেলা : আপনার সিনেমা ব্যবসাসফল হয় না। এর কারণ কী বলে মনে করেন? তৌকির আহমেদ : ব্যবসাসফল সিনেমা নির্মাণের জন্য যা যা উপকরণ লাগে সেটা আমার সিনেমায় হয়তো থাকে না। আর আমি সিনেমা নির্মাতা, ব্যবসাটা ভালো বুঝি না। সিনেমার শিল্পটা বোঝার চেষ্টা করি। ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করি। ব্যবসাটা ভিন্ন বিষয়। আমি সিনেমার বিপণন, প্রচারণার বিষয়গুলো হয়তো কম বুঝি বলেই ছবির যে ব্যবসা সেটা ধরতে পারি না। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। নির্মাতা হিসেবে চেষ্টা করি ভালো সিনেমা নির্মাণ করতে। ছবিটি ব্যবসাসফল হবে কিনা, এই বিষয়গুলো তেমন ভাবি না। মেলা : ‘অজ্ঞাতনামা’ ইউটিউবে সাড়া ফেলেছিল। সিনেমা হলে কেন ব্যবসাসফল হলো না? তৌকির আহমেদ : ‘অজ্ঞাতনামা’ ছবিটি যখন মুক্তি পায়, তখন সিনেমা হলে তেমন দর্শক হয়নি। কিন্তু ইউটিউবে ছবিটি দেখে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, অনেকেই আক্ষেপ করেছেন কেন হলে গিয়ে দেখেননি! এ ক্ষেত্রে আমার নিজেরও কিছু দায় আছে। ছবিটি নিয়ে তেমন প্রচারণা হয়নি। আমি প্রচারণার বিষয়টিতে সব সময় পিছিয়ে রয়েছি। এবার ‘হালদা’তে অন্য চিত্র দেখলাম। ‘অজ্ঞাতনামা’ যারা দেখেছেন তারা নিজের উদ্যোগেই ‘হালদা’ ছবির প্রচার করছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। এ ছাড়াও অনেকে নিজে থেকে এগিয়ে এসেছেন ছবিটির প্রচারণায়। সংবাদ মাধ্যমগুলো আমাকে ফোন করে তথ্য জানতে চাইছেন। ফলে এবার ‘হালদা’ ছবিটি নিয়ে প্রচারণা আগের ছবিগুলোর তুলনায় ভালো হয়েছে। মেলা : ‘হালদা’ সিনেমাটি কোন ভাবনা থেকে নির্মাণ করেছেন? তৌকির আহমেদ : এটি মূলত নদী ও নারীর গল্প। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের জল দেয়, খাবার দেয়। আবার সেই নদীকে আমরা ধ্বংস করছি। ‘হালদা’ নদী ও তীরবর্তী মানুষের গল্পের মধ্য দিয়ে মানুষের মাঝে নদী সম্পর্কে কিছুটা যদি জানানো যায়, সেই চেষ্টা করেছি। নদীমাতৃক বাংলাদেশে নদীগুলো এখন মেরে ফেলছি আমরা। হালদা চট্টগ্রামের এমন এক নদী, যেখানে মাছের প্রজনন হয়, এই নদীও আজ বিপন্ন। নদী যেমন বিপন্ন, নারীও তেমনি বিপন্ন। ছবিতে বাংলাদেশকে দেখাতে চেয়েছি। নদী ও নারী-দুই অনুষঙ্গ ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। ছবিটিতে ৬টি গান রয়েছে। এ ছাড়া নৌকাবাইচ, গ্রামীণ ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে। সব মিলিয়ে ‘হালদা’ বেশ কালারফুল একটা ছবি। মেলা : হালদা সিনেমার অভিনয়শিল্পীদের প্রসঙ্গে যদি বলেন? তৌকির আহমেদ : এই ছবিটিতে যারা অভিনয় করেছেন তাদের প্রায় সবাই থিয়েটারের মানুষ। কেউ কেউ টেলিভিশন নাটক করে জনপ্রিয়তা পেয়েছেন। তাদের সবাই দক্ষ অভিনয়শিল্পী। তাদের নিয়ে কাজ করলে আমি টেনশন ফ্রি থাকি। কারণ তারা আমার নিজেরই মানুষ। দীর্ঘদিন আমরা একসঙ্গে থিয়েটারে কাজ করেছি। টেলিভিশনে কাজ করেছি। ফলে আমাদের মাঝে সমন্বয়টা বেশ ভালো। ছবিটিতে মোশাররফ করিম বদিউজ্জামান, জাহিদ হাসান নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, মনু মিয়া, রুনা খান জুঁই আর শাহেদ আলী অভিনয় করেছেন নিবারণ চরিত্রে। মেলা : সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ অজ্ঞাতনামা। এই বিষয়ে জানতে চাই। তৌকির আহমেদ : এ বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’র চিত্রনাট্য শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পেয়েছে। সার্কভুক্ত আটটি দেশের ১৬টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে উৎসবে। গত ২১ নভেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হয় ২৫ নভেম্বর। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হয়। সেখানে ‘অজ্ঞাতনামা’র পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। এই পুরস্কার বাংলাদেশকে গর্বিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App