নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, প্রথমবার ব্যবহৃত হতে পারে ভিএআর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল।
বাংলাদেশে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ইঙ্গিত এর আগেই দিয়েছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন। বুধবারের ঘোষণার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল। তবে ওই সময়ে ভারতীয় জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় সূচি নির্ধারণে জটিলতা দেখা দেয়। এ কারণে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুরুষোত্তম কাটেল বলেন, শুধু ভারতের ব্যস্ততার বিষয় নয়, সাফভুক্ত সাতটি দেশের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই সবার সম্মতিতে নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ ঢাকার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রধান ভেন্যু হিসেবে থাকবে জাতীয় স্টেডিয়াম। দ্বিতীয় ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনা ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা ছাড়া ঢাকায় আন্তর্জাতিক ফুটবল আয়োজনের উপযুক্ত অন্য কোনো ভেন্যু নেই।
এবারের টুর্নামেন্টে প্রযুক্তিগত নতুনত্ব হিসেবে ভিএআর চালুর চেষ্টা করছে সাফ। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সাফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিএআর চালু করা সম্ভব হলে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি হবে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা ম্যাচ পরিচালনায় আরও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
