×

ফুটবল

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে তুরস্কের সান্ত্বনার জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

 শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে তুরস্কের সান্ত্বনার জয়

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। যোগ করা সময়ের শেষ মুহূর্তে কান আইহানের গোলে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল তারা। তবে জয় পেলেও তুরস্কের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগেই গ্রুপসেরা হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছিল।

ম্যাচে যুক্তরাষ্ট্র নামে বড় পরিবর্তন নিয়ে। নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দেন কোচ মরিসিও পচেত্তিনো। হলুদ কার্ডের ঝুঁকিতে থাকা খেলোয়াড়দেরও রাখা হয় বাইরে। তবু শুরুটা দারুণ করে স্বাগতিকদের একটি দল। ম্যাচের ৩ মিনিটেই অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার।

তবে তুরস্ক দ্রুত ম্যাচে ফেরে। এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোল পায়নি তারা। সেই খরা কাটান আরদা গুলের। তার গোলের পর বারিস ইলমাজও জাল খুঁজে পান। প্রথমার্ধেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রকে আবার ম্যাচে ফেরান সেবাস্তিয়ান বারহাল্টার। দূরপাল্লার জোরালো শটে তিনি সমতা ফেরান। এরপর ম্যাচ আরও খোলা হয়ে যায়। দুই দলই আক্রমণে যায়, সুযোগও তৈরি করে। মনে হচ্ছিল, ম্যাচটি ড্রয়েই শেষ হবে। কিন্তু শেষ মুহূর্তে তুরস্কের বদলি খেলোয়াড় কান আইহান ফাঁকা জালে বল পাঠিয়ে দেন। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় তুরস্কের।

তুরস্কের জন্য জয়টি ছিল সান্ত্বনার। বিশ্বকাপে ফেরার পর প্রত্যাশা থাকলেও প্রথম দুই ম্যাচেই হতাশা জুটেছিল তাদের। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে অন্তত কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারবে তারা। আরদা গুলের, বারিস ইলমাজ ও কান আইহানের গোল তাদের টুর্নামেন্টের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখল।

যুক্তরাষ্ট্রের জন্য ফলটি বড় ধাক্কা নয়, কারণ তাদের গ্রুপসেরা হওয়া আগেই নিশ্চিত ছিল। পচেত্তিনোর দল এখন শেষ ৩২-এর ম্যাচে মন দেবে। নকআউটের প্রথম ধাপে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচটি হবে সান্তা ক্লারায়।

তবে যুক্তরাষ্ট্রের জন্য রাতের সবচেয়ে বড় ইতিবাচক খবর ছিল ক্রিস্টিয়ান পুলিসিচের ফেরা। প্রথম ম্যাচে পেশির চোট নিয়ে বিরতিতে উঠে যাওয়ার পর এই প্রথম মাঠে নামেন তিনি। ৫৮ মিনিটে বদলি হিসেবে নামার সময় গ্যালারি থেকে বড় অভ্যর্থনা পান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড। মাঠে নেমে তাকে বেশ চনমনে দেখিয়েছে। কয়েকটি আক্রমণে যুক্ত হন তিনি, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়েও নিজেকে গুটিয়ে রাখেননি।

তবে শেষ দিকে যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার জায়গাও তৈরি হয়। গোলদাতা ট্রাস্টি হ্যামস্ট্রিংয়ের চোটের আশঙ্কায় মাঠে পড়ে যান। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। শেষ ৩২-এর আগে এই চোট যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি’

সুন্দরবনে কোস্টগার্ড ও দুলাভাই বাহিনীর সংঘর্ষে একজন নিহত

সুন্দরবনে কোস্টগার্ড ও দুলাভাই বাহিনীর সংঘর্ষে একজন নিহত

জব্দ করা অর্থ দিয়ে ইরানের জন্য গম-ভুট্টা কিনবেন ট্রাম্প

জব্দ করা অর্থ দিয়ে ইরানের জন্য গম-ভুট্টা কিনবেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা, এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করল জাতিসংঘ

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা, এসকর্ট কার্যক্রম প্রত্যাহার করল জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App