×

ভারত

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে চার নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে চার নেতা

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোলে গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

প্রতিবেদনগুলোতে বলা হয়, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন তাঁরা। দুপুর ২টার দিকে দুটি গাড়িতে করে পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় পৌঁছান। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে চার নেতা ছিলেন। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর বিকেল ৩টা ৫০ মিনিটে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন।

সীমান্ত এলাকায় যাওয়া-আসার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন আওয়ামী লীগের এই নেতারা বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য একটি নির্দিষ্ট পথের ওপর নির্ভর না করে বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ ও সীমান্ত এলাকা পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে নিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিকল্প পথ খোলা রাখতেই পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি আগরতলা সীমান্তও খতিয়ে দেখা হচ্ছে।

তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাঁর দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন মজুরি বোর্ড প্রসঙ্গে যা বললেন শ্রমমন্ত্রী

নতুন মজুরি বোর্ড প্রসঙ্গে যা বললেন শ্রমমন্ত্রী

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে চার নেতা

শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে চার নেতা

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App