নতুন মজুরি বোর্ড প্রসঙ্গে যা বললেন শ্রমমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, এ আয়োজন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। এগুলো, গবেষণা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শ্রমনীতি প্রণয়ন ও পরিদর্শন জোরদার করা, ডাইফ ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী-তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা।
এ সময় গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়। দেশের অন্যতম প্রধান এ শিল্প খাত রক্ষার দায়িত্ব সবার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কলকারখানার মালিক, শ্রমিকপক্ষ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতে মজুরি বৃদ্ধি করা হয়েছিল। তবে এবার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে মাহদী আমিন বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং শ্রমিকনেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
