জার্মানির বিদায়ে স্বস্তির হাসি ব্রাজিল শিবিরে
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৪০ এএম
ছবি : সংগৃহীত
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ব্রাজিল। কারণ, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে একক অবস্থান ধরে রাখার সুযোগ পাচ্ছে কাসেমিরো-নেইমাররা।
২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকে ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। চলমান আসরে সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল কেবল জার্মানির। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার শিরোপা জিততে পারলে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের কীর্তিতে সমতা আনতে পারত।
তবে প্যারাগুয়ের বিপক্ষে নকআউট পর্বেই বিদায় নেওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে। ফলে অন্তত আরো একটি বিশ্বকাপ চক্র পর্যন্ত বিশ্বের একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই থাকছে ব্রাজিল। দুই দশকেরও বেশি সময় ধরে ধরে রাখা এই অনন্য রেকর্ডে আপাতত আর কোনো দল ভাগ বসাতে পারছে না।
আরো পড়ুন : বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ
অন্যদিকে, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে সেলেসাওরা। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি পাঁচ তারকার জার্সিতে ষষ্ঠ তারা যোগ করাই এখন তাদের মূল লক্ষ্য।
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দলের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি ও ইতালি। এই দুই দলের সংগ্রহে চারটি করে বিশ্বকাপ। আর আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে জিতেছে তিনটি করে শিরোপা। তবে ইতালি এবারের বিশ্বকাপে জায়গা না পাওয়ায় এবং জার্মানি নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ায় বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবে একক শ্রেষ্ঠত্ব এখনও ধরে রেখেছে ব্রাজিল।
