মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের পাশাপাশি তীব্র গরমও যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল, এবার সেই ভোগান্তি অনেকটাই কমতে পারে বলে মনে করছেন দলটির খেলোয়াড় ও সমর্থকেরা।
আগামীকাল আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন লড়াইয়ের প্রত্যাশা থাকলেও আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকবে আলবিসেলেস্তেদের।
এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে দলের কয়েকজন ফুটবলার শারীরিকভাবে ভুগেছিলেন।
বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ ম্যাচ চলাকালে ক্র্যাম্পে আক্রান্ত হন। তীব্র গরমের কারণে খেলোয়াড়দের বাড়তি শারীরিক পরিশ্রম করতে হয়েছে বলে জানা যায়।
তবে শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে অত্যাধুনিক মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে ছাদ খোলা-বন্ধের সুবিধার পাশাপাশি নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ তাপমাত্রার ব্যবস্থা রয়েছে। ফলে বাইরের আবহাওয়ার প্রভাব অনেকটাই কম থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন আটলান্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে স্টেডিয়ামের পরিবেশ নিয়ন্ত্রিত থাকায় খেলোয়াড়দের জন্য এটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে না বলে ধারণা করা হচ্ছে।
ফলে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে যে গরম ও আর্দ্রতা আর্জেন্টিনার জন্য বাড়তি বাধা হয়ে উঠেছিল, মিশরের বিপক্ষে সেই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা অনেকটাই কম।
