×

ফুটবল

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি

ফাইল ছবি

আর্জেন্টিনার হয়ে দুই দশকের বেশি সময় ধরে খেলছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলেছেন দুই শতাধিক। অথচ এত দীর্ঘ ক্যারিয়ারে কখনো ইংল্যান্ড জাতীয় দলের মুখোমুখি হননি তিনি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়, অর্থাৎ ১৬ জুলাইয়ের শুরুতে আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালের নভেম্বরে। জেনেভায় অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। মেসি তখন আর্জেন্টিনার জাতীয় দলে নতুন মুখ হলেও ম্যাচটিতে খেলতে পারেননি।

এর তিন মাস আগে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মেসির। বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই মারার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ১৮ বছরের মেসি। সেই লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালের ম্যাচে ছিলেন না তিনি।

এরপর ২১ বছরে আর মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসির অভিজ্ঞতার অভাব নেই। বার্সেলোনা ও পিএসজির হয়ে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি। আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে চার গোলের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও গোল রয়েছে তার।

বিশ্বকাপে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইংল্যান্ড জিতেছে তিনবার, আর্জেন্টিনা একবার। ১৯৯৮ বিশ্বকাপের ম্যাচটি ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ বিশ্বকাপ ম্যাচে ২০০২ সালে ডেভিড বেকহামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি ১৯৮৬ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে সেই কোয়ার্টার ফাইনালেই হ্যান্ড অব গড ও শতাব্দীর সেরা গোলটি করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। ঠিক ৪০ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম অধ্যায় লিখতে যাচ্ছেন মেসি।

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নরওয়েকে একইভাবে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এবার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও জুড বেলিংহামের ইংল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী, পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

চীনে আঘাত হানলো টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

চীনে আঘাত হানলো টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App