শিরোপা জিতে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ছিল ফুটবলের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্রের মুখোমুখি লড়াই। একদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শিরোপা শেষ পর্যন্ত উঠেছে স্পেনের হাতে। তবে ম্যাচের পর যে দৃশ্যটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, সেটি ছিল ইয়ামাল ও মেসির আবেগঘন আলিঙ্গন।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় পরাজয়ের বেদনায় ভেঙে পড়েন মেসি। শেষ বাঁশি বাজার পর মাঠেই চোখের পানি ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলেই শিরোপা জয়ের আনন্দে আত্মহারা ছিলেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
তবে উদযাপনের সেই মুহূর্তেও নিজের শৈশবের অনুপ্রেরণাকে ভুলে যাননি স্প্যানিশ এই উইঙ্গার। সতীর্থদের সঙ্গে উৎসব ছেড়ে তিনি এগিয়ে যান মাঠে একা বসে থাকা মেসির কাছে। ইয়ামালকে সামনে আসতে দেখে উঠে দাঁড়ান মেসিও। এরপর দুই প্রজন্মের দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কোটি ফুটবলভক্তের হৃদয় ছুঁয়ে যায়।
আরো পড়ুন : মাঠে স্পেন-আর্জেন্টিনা ফুটবলারদের হাতাহাতি, যা জানা গেল
এই দৃশ্য অনেকের মনেই ফিরিয়ে আনে বহু বছর আগের একটি স্মৃতি। ইউনিসেফের একটি প্রচারণার অংশ হিসেবে শিশু অবস্থায় ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন তরুণ মেসি। সময়ের পরিক্রমায় সেই শিশুই বিশ্বকাপের ফাইনালের পর নিজের শৈশবের নায়ককে আলিঙ্গন করে শ্রদ্ধা জানান।
খেলার ধরনে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে অনুসরণ করলেও মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা কখনোই গোপন করেননি ইয়ামাল। বিভিন্ন সময় তিনি লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন।
ফাইনালের আগেও ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেছিলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।’
ফাইনালের ফল দুই তারকার জন্য ভিন্ন আবেগের হলেও ম্যাচ শেষে তাদের এই আন্তরিক আলিঙ্গন ফুটবল যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ভালোবাসারও নাম—সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দিলো।
