এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিযোগিতাকে সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে।
এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিতের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতায় অধিকসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সারাদেশে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহ করা যায়। প্রয়োজন হলে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে জেলা পর্যায়ের খেলার জন্য আর্থিক সহায়তা দিতে বলা হবে।
প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং বিভিন্ন শিক্ষা বোর্ডকে নিজস্ব তহবিল থেকে মাঠপর্যায়ের আয়োজনের জন্য বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে একটি ফুটবল দল গঠন করতে হবে।
তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি ফুটবল দল গঠন করতে না পারে, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হবে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠনের উদ্যোগ নিতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও তদন্ত করে দেখা হবে।
মীর শাহে আলমের ভাষ্য, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে মাঠগুলো খেলাধুলার উপযোগী করা সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য সারাদেশে ফুটবলকে ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’-এর সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার বিষয়ে আশাবাদী সরকার।
এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে পৃথক ভেন্যু কমিটি গঠন করা হবে। উপজেলা পর্যায়ে অংশ নেওয়া দলগুলোর যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহেও স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে।
