×

ফুটবল

ব্যাগ বিক্রি থেকে রোনালদোর স্ত্রী, যেভাবে বদলে গেল জর্জিনার জীবন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

ব্যাগ বিক্রি থেকে রোনালদোর স্ত্রী, যেভাবে বদলে গেল জর্জিনার জীবন

ছবি: সংগৃহীত

বাসে চড়ে কাজে যাওয়া, স্বল্প ভাড়ার ছোট্ট বাসায় থাকা আর অভিজাত ফ্যাশন প্রতিষ্ঠানে ব্যাগ বিক্রি করা, এমনই ছিল জর্জিনা রদ্রিগেজের একসময়ের জীবন। সেই দোকানেই একদিন ক্রেতা হয়ে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখান থেকে শুরু হওয়া পরিচয় গড়ায় প্রেমে, আর প্রায় এক দশক পর রোনালদোর স্ত্রী হলেন সেই জর্জিনা।

মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে ব্যক্তিগত পরিসরে বিয়ে করেছেন রোনালদো ও জর্জিনা। তাদের পাঁচ সন্তানও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। ২০২৫ সালের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। ঠিক এক বছর পর একই দিনে বিয়ে করলেন তারা। কিন্তু রোনালদোর সঙ্গে পরিচয়ের আগে কেমন ছিল ৩২ বছর বয়সী জর্জিনার জীবন?

জর্জিনা রদ্রিগেজ হার্নান্দেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। শৈশবেই মা ও বোন ইভানার সঙ্গে চলে যান স্পেনের ছোট শহর জাকায়। সেখানেই বেড়ে ওঠেন আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল।

ছবি: সংগৃহীত

ছোটবেলায় অন্যদের সঙ্গে সহজে মিশতে পারতেন না জর্জিনা। মেয়েকে আত্মবিশ্বাসী করে তুলতে ব্যালে নাচ শেখানো শুরু করেন তার মা। আর্থিক সমস্যার কারণে ১৬ বছর বয়সে নাচ ছেড়ে দিতে হলেও ফ্যাশনজগতে কাজ করার স্বপ্ন দেখতেন তিনি।

১৮ বছর বয়সে জাকা ছেড়ে মাদ্রিদে চলে যান জর্জিনা। নিজের খরচ চালাতে একাধিক কাজ করেছেন। কখনো দীর্ঘ পথ বাসে যাতায়াত করেছেন, কখনো একই সঙ্গে দুটি চাকরি সামলেছেন। ধাপে ধাপে ফ্যাশন বিক্রয়কর্মী হিসেবে অভিজ্ঞতা অর্জনের পর বিখ্যাত শপিং ব্রান্ড গুচির মাদ্রিদের দোকানে চাকরি পান।

২০১৬ সালে সেই দোকানেই প্রথমবার রোনালদোর সঙ্গে দেখা হয় তার। এক সহকর্মীর অনুরোধে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরও দোকানে ছিলেন জর্জিনা। তখন ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন রোনালদো।

ছবি: সংগৃহীত

প্রথম দেখাতেই দুজনের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছিল বলে পরে জানিয়েছেন তারা। কিছুদিন পর একটি অনুষ্ঠানে আবার দেখা হলে জর্জিনাকে রাতের খাবারের আমন্ত্রণ জানান রোনালদো। সেখান থেকেই শুরু সম্পর্ক। ২০১৭ সালের জানুয়ারিতে জুরিখে ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন তারা।

রোনালদোর সঙ্গে জর্জিনার দুই মেয়ে আলানা মার্তিনা ও বেলা এসমেরালদা। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং সারোগেটের মাধ্যমে জন্ম দেওয়া যমজ সন্তান এভা ও মাতেওকেও নিজের সন্তানের মতোই বড় করছেন তিনি। ২০২২ সালে যমজ সন্তানের জন্ম দেওয়ার সময় ছেলে অ্যাঞ্জেলকে হারান জর্জিনা। বেঁচে যায় তার যমজ বোন বেলা। কঠিন সেই সময় একসঙ্গেই সামলেছেন রোনালদো ও জর্জিনা।

রোনালদোর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর রাতারাতি বিশ্বজোড়া পরিচিতি পান জর্জিনা। তবে শুধু তারকা ফুটবলারের জীবনসঙ্গী হয়ে থাকেননি। মডেল ও ব্যবসায়ী হিসেবে নিজের অবস্থান গড়ে তুলেছেন। ভোগ, হারপারস বাজার ও এলের মতো সাময়িকীতে জায়গা পেয়েছেন। কাজ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে।

ছবি: সংগৃহীত

প্যারিস ফ্যাশন উইকে হেঁটেছেন, অংশ নিয়েছেন মেট গালায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সাত কোটি ৪০ লাখের বেশি। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় জর্জিনার জীবনভিত্তিক ধারাবাহিক ‘আই অ্যাম জর্জিনা’। তিন মৌসুমের অনুষ্ঠানটিতে উঠে এসেছে তার সাধারণ শৈশব, বিক্রয়কর্মীর জীবন, রোনালদোর সঙ্গে সম্পর্ক, মাতৃত্ব এবং খ্যাতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প।

জর্জিনা একবার নিজের বদলে যাওয়া জীবন বোঝাতে বলেছিলেন, ‘একসময় ব্যাগ বিক্রি করতাম, এখন সেগুলো কিনি।’ তবে নিজের পরিচয় কেবল রোনালদোর নামের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। জর্জিনার ভাষায়, নিজের আলো এবং অনুসরণ করার মতো আলাদা পথও রয়েছে তার।

একসময় গুচির দোকানে দাঁড়িয়ে রোনালদোর সঙ্গে পরিচিত হওয়া সেই বিক্রয়কর্মী এখন মডেল, ব্যবসায়ী, পাঁচ সন্তানের অভিভাবক এবং আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের স্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

সিলেটে থামছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরো ২ শিশুর মৃত্যু

সিলেটে থামছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরো ২ শিশুর মৃত্যু

বিদ্যালয়ের জমি দখল করে দপ্তরির ‘দোকান নির্মাণ'

বিদ্যালয়ের জমি দখল করে দপ্তরির ‘দোকান নির্মাণ'

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিও হারাতে যাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App