ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল আর্সেনাল। ইংলিশ ফুটবল মৌসুমের পর্দা ওঠার ম্যাচ হিসেবে পরিচিত কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রোববার (১৬ আগস্ট) কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় মিকেল আর্তেতার দল। ম্যাচের মাত্র ২৪ সেকেন্ডে রিকার্দো কালাফিওরির গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। আর্সেনালের হয়ে বাকি গোল দুটি করেন কাই হাভার্টজ ও অধিনায়ক মার্টিন ওদেগার্দ।
দুটি গোলে সহায়তা করে আর্সেনালের হয়ে প্রতিযোগিতামূলক অভিষেক স্মরণীয় করে রাখেন নতুন মুখ ক্রিস্টোস জোলিস।
ম্যাচের শুরুতেই মাইলস লুইস-স্কেলির বাড়ানো চমৎকার পাস ধরে বক্সে ঢুকে সিটির নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করেন কালাফিওরি। অফসাইডের সম্ভাবনা যাচাইয়ের পর গোলটি বহাল থাকে।
আরও পড়ুন: গ্যালারি থেকে দুয়ো, দর্শকদের কড়া বার্তা ক্ষুব্ধ নেইমারের
প্রথম গোল হজমের পর বলের দখল নেওয়ার চেষ্টা করে সিটি। তবে আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ২০ মিনিটে ফিল ফোডেনের বাঁকানো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।
২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। মার্টিন ওদেগার্দের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে বল পান জোলিস। তাঁর হেড গোলমুখে যাওয়ার পর কাছ থেকে আরেকটি হেডে বল জালে পাঠান হাভার্টজ।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড। প্রথম প্রচেষ্টায় লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়বার রায়াকে পরাস্ত করতে পারেননি। ফিরতি বলে জেরেমি ডকুর শটও আটকে দেন বেন হোয়াইট।
বিরতির আগে তৃতীয় গোলের সুযোগও তৈরি করেছিল আর্সেনাল। হাভার্টজের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন দোন্নারুম্মা। তবে ওদেগার্দের ফিরতি শট গোললাইন থেকে সরিয়ে দেন ইয়োশকো গাভার্দিওল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আর ভুল করেনি আর্সেনাল। ৪৮ মিনিটে জোলিসের নিচু পাস ধরে গাভার্দিওলকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন ওদেগার্দ। এরপর দোন্নারুম্মাকে বুদ্ধিদীপ্তভাবে পরাস্ত করে বল জালে পাঠান আর্সেনাল অধিনায়ক।
তিন গোলে পিছিয়ে পড়ে একসঙ্গে হালান্ড ও নিকো ও’রাইলিকে তুলে নেন সিটির কোচ এনজো মারেস্কা। তাদের জায়গায় মাঠে নামেন ওমর মারমুশ ও মার্ক গেহি। তবে বদলির পরও আর্সেনালের রক্ষণে উল্লেখযোগ্য চাপ তৈরি করতে পারেনি সিটি।
শেষ দিকে রায়া আরও দুটি প্রচেষ্টা ঠেকিয়ে আর্সেনালের গোলবার অক্ষত রাখেন। অন্যদিকে বদলি হিসেবে নামা বুকায়ো সাকা সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত।
পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটির দায়িত্ব নেওয়া মারেস্কার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটি তাই বড় হার দিয়ে শুরু হলো। অন্যদিকে গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ জেতা আর্সেনাল নতুন মৌসুম শুরু করল আরেকটি শিরোপা দিয়ে।
এটি আর্সেনালের ১৮তম কমিউনিটি শিল্ড শিরোপা। এই প্রতিযোগিতায় তাদের চেয়ে বেশি শিরোপা রয়েছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের—২১টি।
