লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্মরণীয় জয় পেলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছে টাইগাররা। ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর আইসিসি দলীয় টেস্ট র্যাংকিং হালনাগাদ করে। সেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮।
এর আগে টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। এবার সেই অবস্থান ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের উন্নতির বিপরীতে র্যাংকিংয়ে এক ধাপ করে পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে।
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।
আরও পড়ুন: বাংলাদেশে খেলবে ব্রাজিল!
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়ই বাংলাদেশের র্যাংকিংয়ে বড় অগ্রগতির অন্যতম কারণ।
তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইয়ে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটি জিততে পারলে রেটিংয়ে আরও উন্নতি করার সুযোগ ছিল টাইগারদের।
তারপরও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ভাগাভাগি করে ইতিহাসের সেরা টেস্ট র্যাংকিং অর্জন বাংলাদেশের ক্রিকেটে নতুন মাইলফলক হয়ে থাকল।
