জামায়াত আমির
রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা এবং চাঁদা দাবির ঘটনাগুলো নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রংপুরের হত্যাকাণ্ডের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ব্যর্থ হলে সরকার টিকবে না
গোটা পরিবারকে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেশে খুন, সামাজিক অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।
এসব ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এসব ঘটনা তারই প্রমাণ। এতে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং তারা এর কার্যকর সমাধান চায়।
জামায়াত আমির আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিশেষ করে রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা
তিনি অভিযোগ করেন, একের পর এক অপরাধ সংঘটিত হলেও অনেক ভুক্তভোগী যথাযথ বিচার পাচ্ছেন না। আদালতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তিনি সবাইকে সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান।
