যে কারণে হালান্ডের ওপর কড়া নজরদারি করছে বার্সেলোনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
আর্লিং হালান্ড। ফাইল ছবি
ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের মামলাসংক্রান্ত রায় ও ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার সুযোগ নিতে চায় বার্সেলোনা। এই পরিস্থিতিতে ইংলিশ ক্লাবটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক পুরো ঘটনাপ্রবাহজুড়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন হালান্ড। এমনকি আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের জার্সিতে নির্ধারিত একটি সংবাদ সম্মেলনও বাতিল করেন তিনি। ধারণা করা হচ্ছে, ম্যানসিটি কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে কোনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়াতে চান না এই নরওয়েজিয়ান গোলমেশিন।
বিকল্প ভাবনায় হালান্ড
ম্যানসিটি ছাড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হলে সেটিকে দারুণ এক সুযোগ হিসেবে লুফে নিতে প্রস্তুত বার্সেলোনা। এর আগে গ্রীষ্মকালীন দলবদলে হুলিয়ান আলভারেজকে ভেড়ানোর চেষ্টা করলেও আতলেতিকো মাদ্রিদের কারণে সেই চুক্তি সফল হয়নি। এরপর থেকেই সেন্টার-ফরওয়ার্ড পজিশনে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে হালান্ডকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বার্সা।
আরও পড়ুন: স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে
তাছাড়া অতীতে স্পেনে খেলার ইচ্ছার কথা একাধিকবার প্রকাশ করেছেন হালান্ড। পাশাপাশি বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে এই তারকার এজেন্ট রাফায়েলা পিমেন্তার সুসম্পর্কও এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
জটিলতা কোথায়?
তবে এই ট্রান্সফার বাস্তবায়ন করা যে বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য। কারণ ২০৩৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি রয়েছে হালান্ডের, যেখানে কোনো ধরনের এক্সিট ক্লজ বা নির্দিষ্ট শর্তে ক্লাব ছাড়ার সুযোগ রাখা হয়নি।
