মাঠের পর ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা ভিনিসিয়ুসের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
মাঠে লাল কার্ড, মাঠের বাইরে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ—সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এবার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও বিচ্ছেদের খবরের কারণে আলোচনায় এসেছেন। চলতি বছরের মে মাসে আলাদা হওয়ার পর জুলাইয়ে আবার কাছাকাছি এসেছিলেন তারা। তবে তিন মাসের ব্যবধানেই ফের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রতিনিধিরা তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেন। তবে সম্পর্কের ইতি টানার পেছনে কোনো ঝগড়া বা তিক্ততার ঘটনা নেই বলে জানানো হয়েছে। পারস্পরিক সিদ্ধান্তেই তারা আলাদা হয়েছেন।
ভার্জিনিয়ার প্রতিনিধিদের ভাষ্য, দুজনের মধ্যে কোনো বিরোধ বা মনোমালিন্য হয়নি। তারা শুধু আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বিচ্ছেদ হলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন না কেউ।
তবে ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছে, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একক ভ্রমণ ঘিরে দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। তবে সে সময় ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। ফলে মায়ামি সফরকে বিচ্ছেদের কারণ হিসেবে দেখার মতো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্কের উত্থান-পতন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের অক্টোবরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর চলতি বছরের মে মাসে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে জুলাইয়ে আবারও এক হন দুজন। তাদের পুনর্মিলনে ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হলো না। তিন মাস না পেরোতেই আবারও আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা।
