ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস। নাশকতা মোকাবিলায় জরুরি প্রয়োজন ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকের পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সম্পৃক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন জেলার গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত ফাঁকা সড়ক ও জনসমাগম কম থাকার সুযোগ নিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বাভাবিক ছুটি ও বিশ্রামের সময়ও দায়িত্বের আওতায় আনা হয়েছে। প্রতিটি স্টেশনে একটি দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানো যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া) শাজাহান শিকদার বলেন, রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় স্টেশনগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। ব্যারাকে অবস্থানরত কর্মীদের বিশ্রামের সময়ও এখন ডিউটির আওতায় আনা হয়েছে। প্রতিটি স্টেশনে একটি দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে আগুন লাগার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। রাত ২টার পর উত্তরায় একটি বাস ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৩টার দিকে বনশ্রী স্টাফ কোয়ার্টারে পার্কিং করে রাখা আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
একই সময়ে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর-১১ বাসস্ট্যান্ড, এশিয়া ব্যাংকের সামনে, স্বপ্নের সামনে, মিরপুর-১২, পল্লবী পুলিশ বক্স, মিরপুর কমার্স কলেজ রোড, সরকারি আবাসনের গেট এবং মিরপুর প্রশিকা ভবনের সামনে এসব বিস্ফোরণ ঘটে।
এর আগে ২৪ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে উত্তরা দিয়াবাড়ি মোড়েও বিস্ফোরণ হয়। ওই দিন উত্তরা ১৮ নম্বর সেক্টরে একটি বাসে আগুন লাগার ঘটনাও ঘটে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপকারীদের হাতেনাতে আটক করতে সাদাপোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদেরও মাঠে রাখা হচ্ছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানিয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ ঠেকাতে পৃথক কৌশল নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করে দুর্বৃত্তদের প্রতিরোধের চেষ্টা চলছে। নাশকতায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বিভিন্ন পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর সময় ও ধরন বিশ্লেষণে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে নাশকতাকারীরা সক্রিয় হলেও গভীর রাত ও ভোররাতকে হামলার জন্য বেশি বেছে নিচ্ছে। এ সময় সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকায় হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। ফলে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনা সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, গোয়েন্দা নজরদারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতা প্রতিরোধে রাতের নিরাপত্তা কৌশলে পরিবর্তন এনে সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
