বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২:৩৩ পিএম
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত
দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, সে কারণে পরিকল্পিত লোডশেডিংয়েরও কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
যশোর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান জামাতে প্রতিমন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
আরো পড়ুন : জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের ভেতরের পশুত্ব ও অহংকারও কোরবানি করতে হবে।
ঈদের জামাতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
