বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে বড় প্রভাব পড়বে না
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এ সুযোগে কোনো অসাধু ব্যবসায়ী যাতে পণ্যের দাম বাড়াতে না পারেন, সে জন্য বাজারে কঠোর মনিটরিং করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধী দল। তাই মুখরোচক কথাবার্তা না বলে তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।
অনুষ্ঠানে চা শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চা বাগানগুলোর আয় বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। চা বাগানকে লাভজনক করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি বৈঠকও হয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চা গাছের উৎপাদন ব্যাহত না করে বাগানে কাঠ ও মসলাজাতীয় গাছ লাগানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যেসব বাগানে সুযোগ রয়েছে, সেখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চা বাগানের আয় বাড়াতে পারলে শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়ানো সম্ভব হবে। শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স, যেসব বাগানে স্কুল নেই সেখানে স্কুল স্থাপন এবং বাগানের রাস্তাঘাট সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুলাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ জোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
