সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। মারা যাওয়া শিশুর নাম জাওয়াত। সে সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা জমির উদ্দিনের ছেলে।
শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন : হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
এছাড়া একই সময়ে হামের সন্দেহভাজন আরো ৬৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ৩১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেটে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আরো চারজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।
