২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ। এ সময় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (শনিবার) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯০৫ জন রোগী এসেছে।
আরো পড়ুন: গঠনমূলক সমালোচনা আর গালাগাল এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১৬, চট্টগ্রামে ১৬৬, বরিশালে ৭৮, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৭৪ এবং রংপুরে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে ৫ হাজার ৭৭২ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।
