এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
বোর্ড জানিয়েছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে।
যেভাবে করবেন পুনঃনিরীক্ষণের আবেদন
পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্দিষ্ট ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে এক বা একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কোনো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
এরপরের স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখানো হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদনসংক্রান্ত ওয়েবসাইটের ‘হেল্প’ অপশনে যেতে হবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এতেই পুনঃনিরীক্ষণের আবেদন সম্পন্ন হবে।
আবেদন জমা দেওয়ার পর যেসব বিষয় জানা জরুরি
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতি অনুসরণ করে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে দ্বিতীয়বার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব নির্বাচিত বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না।
