‘জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম
ছবি : সংগৃহীত
জামায়াতের সঙ্গে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র রাজনীতি করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে দলটি।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, জামায়াতের সঙ্গে জোট ছাড়ার বিষয়ে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটি শিগগিরই অনেকটা ‘শান্তিপূর্ণ বিচ্ছেদের’ মাধ্যমে জোট থেকে বেরিয়ে আসতে পারে।
এনসিপির সাম্প্রতিক গণবিক্ষোভ কর্মসূচি এবং দলটির নেতা আসিফ মাহমুদের বক্তব্যেও স্বতন্ত্র রাজনীতির ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর মতে, ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য চোখে পড়েনি।
এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছিল না। দীর্ঘদিন পর কয়েক হাজার মানুষের অংশগ্রহণ দলটির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাব্যঞ্জক।
রাশেদ খাঁনের ধারণা, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারলে আগামী এক বছরের মধ্যে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা পূরণেও দলটি ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, স্বতন্ত্রভাবে এগোতে পারলে আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির। তবে জামায়াতের সঙ্গে জোটে থেকে সেই লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করেন তিনি।
পোস্টে এনসিপির আট সংসদ সদস্যের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ওই সংসদ সদস্যদের একটি অংশ আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে সংসদ সদস্য হতে জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী। তবে দলের অধিকাংশ নেতা-কর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পথচলার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান রাশেদ খাঁন। একই সঙ্গে দলটি শেষ পর্যন্ত জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে কি না, তা দেখার অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
