ইরানে ভূমিকম্পে দুই জনের মৃত্যু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১১:৩৩ এএম
ইরানে শক্তিশালী ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে দুই শতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় ভোররাত পৌনে ৩টার দিকে ইরানের কারমানশাহ প্রদেশের জাভানরুদ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। গত বছর এই এলাকার কাছেই শক্তিশালী এক ভূমিকম্পে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। কারমানশাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস-এর জরুরি বিভাগের প্রধান সায়েব শারিদারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তারা দু'জনের মৃত্যুর খবর পেয়েছেন। এছাড়া ২৪১ জন আহত হয়েছে যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। কারমানশাহ প্রদেশের গভর্নর হাউশ্যাং বাজভ্যান্দ জানান, ভূমিকম্পের পর দুর্যোগ কেন্দ্র খোলা হয়েছে। হাসপাতাল ও সাহায্য সংস্থাগুলোকে সতর্ক রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে। ইরান ভৌগলিকভাবে প্রধান দু'টি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এবং এ কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। এর আগ গত বছরের নভেম্বরে কারমানশাহ প্রদেশেই ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৬২০ জনের মৃত্যু হয়। এছাড়া একই ঘটনায় ইরাকে মারা যায় আটজন।
