দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। গত ১০ ও ১১ নভেম্বর এ ঘটনা নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
