×

আন্তর্জাতিক

বাংলাদেশি বংশোদ্ভূত আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে কিছুদিন আগেই শেষ হলো পার্লামেন্ট নির্বাচন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দেশটিতে টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে এবার। বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীও লেবার পার্টির মনোনয়নে এবারের নির্বাচনে জয় পান । কিন্তু ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ লেবার পার্টির মোট ৭ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলও এই তালিকায় রয়েছেন। ব্রিটেনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয়ায় তাদের বহিষ্কার করেছেন হুইপ।

মঙ্গলবার (২৩ জুলাই) পার্লামেন্টে লেবার সরকারের প্রথম ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১০৩ জন এবং বিপক্ষে ৩৬৩ ভোট পড়েছে। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা। কিন্তু ওই প্রস্তাব পাস না হওয়ায় তারা সেই সুবিধা পাচ্ছেন না। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাচ্ছেন তারা।

পার্লামেন্টে ভোটাভুটির পর প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার পর জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ৬ মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।

ইউগভের সাম্প্রতিক এক জরিপ বলছে, ৬০ শতাংশ মানুষ মনে করে দুই সন্তান নীতিই বহাল থাকা উচিত। এদিকে জারাহ সুলতানা বলেছেন, তিনি জানতেন না যে, এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তাকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, এটা কোনো খেলা নয়, এটা মানুষের জীবনের বিষয়। এটা দারিদ্র সীমার মধ্যে থাকা ৩ লাখ ৩০ হাজার শিশুর পরিস্থিতির বিষয়।

বহিষ্কৃত এমপিদের অধিকাংশই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী। তিনি স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তিনিও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App