সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ স্থাপনে আইএলও’র সঙ্গে চুক্তি স্বাক্ষর
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: ভোরের কাগজ
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে পার্বত্য অঞ্চলের কৃষি পণ্যের সংরক্ষণ জাত করণ বিষয়ে দীর্ঘদিনের দাবির প্রথম ধাপ বাস্তবায়িত হতে যাচ্ছে। এই প্রকল্পের সুফল পাওয়া গেলে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় এই কুলবট কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে বলে তিনি জানান।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে এই হিমাগার স্থাপন করা হচ্ছে। চুক্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা এবং প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলকভাবে স্বল্পব্যয়ী ও আধুনিক এই সৌরশক্তিচালিত প্রযুক্তি ব্যবহারের ফলে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা পাবেন।
এ সময় চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, হিমাগারটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় কমবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে বাজারজাতকরণের মাধ্যমে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
