‘আ.লীগ ঠেকানোর জাতীয় ঐক্যে’ যাবে না এনসিপি, যদি...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। তবে জাতীয় ঐক্যের আগে কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে ঐক্যের কথা বলে পরে একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হলে সেই উদ্যোগে অংশ নেবে না এনসিপি।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন। পরে সংসদে দেওয়া বক্তব্যে তাঁরা ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতেই বিরোধী দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নেয় বিএনপি।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। এ লক্ষ্যে সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এনসিপির প্রতিনিধিদলের। দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এ পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।
জাতীয় ঐক্যের ভিত্তি সম্পর্কে এনসিপির আহ্বায়ক বলেন, এ উদ্যোগের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তাঁরা শুনতে চান।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান।
সংসদে প্রতিনিধিত্বকারী ও সংসদের বাইরের গণতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
