বিজিএমইএ
‘শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতার প্রভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। শুধু তাই নয়, ক্রেতাদের আস্থা সংকট ও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত জরিপে এ চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
গত চার দিনে সদস্য কারখানাগুলোর ওপর জরুরি ভিত্তিতে এ জরিপ পরিচালনা করে বিজিএমইএ। জরিপের ফলাফল তুলে ধরে রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, উৎপাদন বন্ধ ও আর্থিক ক্ষতির কারণে ৩১৭টি কারখানা গত ১৮ দিনে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে সরাসরি উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার।
একই সঙ্গে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অর্ডার বাতিলও হচ্ছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্যের বরাত দিয়ে বিজিএমইএ জানায়, ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত রপ্তানি আদেশের ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।
সংগঠনটি জানিয়েছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিসংখ্যান প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। তাদের হিসাবে, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের মধ্যে জরিপ পরিচালনা করায় মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ।
বিজিএমইএর মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়া। এ পরিস্থিতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে চলমান সংকট থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।
