সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার পাননি অনেক কৃষক। এ নিয়ে ক্ষোভের জেরে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে লাইনে অপেক্ষমাণ সব কৃষককে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়।
এ সময় সার শেষ হওয়ার বিষয়টি কৃষকদের জানানো হলে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁদের কয়েকজন উত্তেজিত হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব এলাকায় তা বণ্টন করা হবে।
কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
