হরমুজ প্রণালি বন্ধ
বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এর ফলে ফসলের উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এবং বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হরমুজ প্রণালি দিয়ে সারের চালান বন্ধ থাকায় বিশ্ব খাদ্য নিরাপত্তা এখন বড় হুমকির মুখে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও এই সংকটের বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানান, এশিয়ার অনেক দেশে ইতিমধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে, অথচ সারের অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে।
তোরিও বলেন,'পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সারের উচ্চমূল্য ও সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো এখন গম বা ভুট্টার বদলে সয়াবিন চাষের দিকে ঝুঁকতে পারে। কারণ সয়াবিন চাষে নাইট্রোজেনের প্রয়োজন তুলনামূলক কম হয়।' তিনি আরও জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক এখন খাদ্যশস্যের বদলে জৈব জ্বালানি উৎপাদনের দিকে আগ্রহী হয়ে উঠছেন।
এফএও-র এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন যে, গম ও সয়াবিনের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। বছরের দ্বিতীয়ার্ধে এই পরিস্থিতি আরও জটিল হবে এবং আগামী বছর বিশ্বজুড়ে ব্যাপক খাদ্য মূল্যস্ফীতি দেখা দিতে পারে। তোরিও স্পষ্ট করে বলেন, 'আমরা উচ্চ খাদ্য মূল্যস্ফীতির আশঙ্কা করছি। কারণ আমাদের খাবারের দামের সঙ্গে সারের প্রাপ্যতা এবং জ্বালানির দাম সরাসরি জড়িত।'
হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে বৈশ্বিক সরবরাহ চেইন পুরোপুরি ভেঙে পড়ার এবং দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকরা।
