যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল ছুড়লো ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে। খবর ফার্স নিউজের
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল। সেখান থেকেই এতে মিসাইল হামলা চালানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটি জাস্ক দ্বীপের পাশ দিয়ে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। হামলার পর এটি দিক পরিবর্তন করে ফিরে যায়।
তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র।
এর জবাবে ইরান সতর্ক করে জানায়, হরমুজ প্রণালিতে কোনো বিদেশি জাহাজ প্রবেশ করলে সেটিতে হামলা চালানো হবে।
প্রসঙ্গত, টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতিকে ভঙ্গুর হিসেবে দেখা হচ্ছিল।
যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে একটি ট্যাংকার জাহাজ জব্দ করে।
এরপর ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
