‘হরমুজে ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না যুক্তরাষ্ট্র’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়ানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা এড়াতে চায়, তবে আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর। এই লক্ষ্যে ওয়াশিংটন ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে।
সংবাদ সম্মেলনে হেগসেথ দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করার প্রয়োজন হবে না। তিনি আরও বলেন,'যুক্তরাষ্ট্র কোনো উত্তেজনা বা সংঘাত চায় না। ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ দাবি করলেও বাস্তবে সেই নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।' মূলত আন্তর্জাতিক জলসীমায় স্থিতিশীলতা বজায় রাখাই এই অভিযানের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। হেগসেথ পুনর্ব্যক্ত করেন যে, ওয়াশিংটন কেবল বাণিজ্যিক নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
