পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি- সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা বন্ধ করতে যাচ্ছে নবগঠিত রাজ্য সরকার। আগামী জুন মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ সোমবার (১৮ মে) রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি সিদ্ধান্ত হলো—ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সরকারি আর্থিক সহায়তা আগামী জুন থেকে বন্ধ করা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা বাতিল করা।
রাজ্য মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল জানান, ওবিসি সংরক্ষণের যোগ্যতা নির্ধারণে একটি বিশেষ প্যানেল গঠন করা হবে। এ ছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় ভিত্তিতে যেসব ভাতা প্রকল্প চালু রয়েছে, সেগুলো চলতি মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। জুন থেকে এসব প্রকল্প বন্ধের বিষয়ে পৃথক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।
নতুন রাজ্য সরকার জানিয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়। এনডিটিভি জানিয়েছে, এই সিদ্ধান্তকে রাজ্যের নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে পশ্চিমবঙ্গের নিবন্ধিত ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা ঘোষণা করেছিল। অর্থনৈতিকভাবে দুর্বল ধর্মীয় নেতাদের সহায়তার উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছিল।
পরবর্তীতে একই ধরনের আর্থিক সহায়তা মুয়াজ্জিনদের জন্যও চালু করা হয়। এই দুই প্রকল্পের অর্থ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে বিতরণ করা হতো। এরপর ২০২০ সালে তৎকালীন রাজ্য সরকার সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতা চালু করে। এর আওতায় নিবন্ধিত পুরোহিতরা প্রথমে মাসিক ১ হাজার টাকা পেতেন, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছিল।
