ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১০ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি- সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে যাচ্ছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর হচ্ছে।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার (২০ মে) তেহরানে পৌঁছান। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে এটি তার দ্বিতীয় ইরান সফর।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চলমান আলোচনায় ইরান সঠিক জবাব না দিলে ওয়াশিংটন দ্রুত কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
বুধবার (২০ মে) সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুতে চূড়ান্ত পর্যায়ে আছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সমঝোতা না হলে তেহরানের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।
ট্রাম্প জানান, কোনো চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তেল রপ্তানিতেও ছাড় দেবে না। তিনি বলেন, ইরানের কাছ থেকে সঠিক উত্তর না পেলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যাবে।
