×

আন্তর্জাতিক

ইরানের হরমুজ প্রণালি কমিটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৫২ পিএম

ইরানের হরমুজ প্রণালি কমিটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি- সংগৃহীত

বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের লক্ষ্যে গঠিত ইরানি কমিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন ট্রেজারি (অর্থ) মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে ইরানের এই টোল আদায়ের চেষ্টা অবৈধ।

মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালির এই কর্তৃপক্ষ কমিটিকে তেহরানের ‘উন্মত্ত পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে আইনবহির্ভূতভাবে অর্থ আদায়ের এই সর্বশেষ প্রচেষ্টা প্রমাণ করে, তীব্র অর্থনৈতিক সংকট ইরানি শাসকগোষ্ঠীকে নগদ অর্থের জন্য কতটা মরিয়া করে তুলেছে।’

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথগুলোর একটি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রণালিতে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলে অবরোধ জারি করে ইরান। পরে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, এই রুট ব্যবহার করতে হলে বিদেশি জাহাজগুলোকে অবশ্যই টোল দিতে হবে। একই সঙ্গে হরমুজে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পতাকাবাহী কোনো জাহাজ দেখলে হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে এই ইস্যুতে ইরানের পার্লামেন্টে একটি আইনও পাস করা হয়। সেই আইন অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানে ‘হরমুজ প্রণালি কর্তৃপক্ষ কমিটি’ গঠন করা হয়।

তবে শুরু থেকেই ইরানের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন দেশ। তাদের যুক্তি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে কোনো একক দেশ আন্তর্জাতিক বাণিজ্য জলপথের ওপর এভাবে নিয়ন্ত্রণ আরোপ বা টোল আদায় করতে পারে না।

মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের এই কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করে, টোল প্রদান করে কিংবা তাদের কাছ থেকে কোনো পরিষেবা গ্রহণ করে—তবে সেই দেশ বা সংস্থাকেও যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App