বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ১০ বাংলাদেশির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
কানাডায় সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গত জুন ও জুলাই মাসে টরন্টো ও ভ্যানকুভারে ফিফা বিশ্বকাপের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচগুলো উপভোগের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৬ হাজার দর্শনার্থীকে ভিজিটর ভিসা দেয় কানাডা সরকার। তবে আইআরসিসি জানায়, বিশ্বকাপে অংশ নেওয়া কোনো খেলোয়াড় বা দলের স্টাফদের মধ্যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন কি না, সে বিষয়ে তারা নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশটিতে অবস্থানকারীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আইআরসিসির তথ্য অনুযায়ী, রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে সংখ্যায় এগিয়ে রয়েছেন ঘানার নাগরিকরা। দেশটির অন্তত ২৫ জন ভিজিটর ভিসায় কানাডায় গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন। এছাড়া মিসর ও কলম্বিয়ার ১৫ জন করে নাগরিক, কেনিয়ার ১৫ জন, সেনেগালের ১০ জন এবং ইকুয়েডরের ৫ জন নাগরিকও একই ধরনের আবেদন করেছেন।
এদিকে, যেসব দেশের জাতীয় দল মূল বিশ্বকাপ আসরে অংশ নেয়নি, সেসব দেশ থেকেও বেশ কয়েকজন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এ তালিকায় রয়েছে চীন, বাংলাদেশ ও নাইজেরিয়ার ১০ জন করে নাগরিক। এছাড়া বুরুন্ডি, নেপাল ও পাকিস্তানের ৫ জন করে নাগরিকও আশ্রয়ের আবেদন করেছেন।
আইআরসিসির ২০ জুলাই পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ফিফা-সংশ্লিষ্ট অস্থায়ী বসবাসের অনুমতি পাওয়া ২৬ হাজার ১১১ জন ব্যক্তির মধ্যে ১৭৫ জন পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন।
উল্লেখ্য, অতীতেও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে বিদেশে গিয়ে খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনা ঘটেছে। এমন আশঙ্কার কারণে একসময় ইরিত্রিয়ার ফুটবল ফেডারেশন তাদের পুরুষ জাতীয় দলকে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই প্রত্যাহার করে নিয়েছিল।
