৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ফাইল ছবি
আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। শ্যামাপূজা উপলক্ষে দিনটি রাখা হয়েছে ঐচ্ছিক ছুটি হিসেবে।
ফলে রোববার সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদ্যাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়।
শ্যামাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডারের ওপর।
অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত কর্মদিবসের মতোই কার্যক্রম চলবে।
মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৮ নভেম্বরও সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর সাধারণ ছুটি হলেও ৮ নভেম্বর সবার জন্য কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয়নি।
