×

আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষ আটকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষ আটকা

ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল কর্তৃপক্ষ।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোটো এলাকার ‘ইয়ন মল’। জাপানের জাতীয় পুলিশ সংস্থার তথ্যের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই মলের ২০ থেকে ৩০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দল ধসে যাওয়া শপিং মলের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এনএইচকে জানায়, ভবনটিতে বিস্ফোরণের কিছুক্ষণ আগে মলের কর্মীরা ক্রেতাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেছিলেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় ‘মানুষের জীবন রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কুমামোটোর গভর্নরের অনুরোধের পর উদ্ধারকাজে আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) ৩ হাজার ৬০০ সদস্য মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউশু দ্বীপের স্থলভাগের অভ্যন্তরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। অগভীর কেন্দ্রের কারণে শক্তিশালী পরাঘাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। এরই মধ্যে ১ থেকে ৬ মাত্রার তীব্রতার অন্তত ৬১টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপানে বছরে গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প আঘাত হানে। বর্তমান পরিস্থিতিতে দেশটির বিভিন্ন এলাকার দেড় লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও। কুমামোটোতে একটি ফুটব্রিজ ধসে পড়লেও পাশের সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভূমিকম্পের প্রভাব পড়েছে উৎপত্তিস্থল থেকে কয়েকশ মাইল দূরের টোকিওর হানেদা বিমানবন্দরেও। সেখানে অন্তত ৪০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। যাত্রীদের যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর জারি করা স্বল্পমেয়াদি সুনামি সতর্কতা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ রয়েছে এবং এর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App