ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় রোবট পুলিশ নামাল চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম
ছবি : সংগৃহীত
ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে রোবট পুলিশ মোতায়েন করেছে চীন। গ্রেপ্তারের ক্ষমতা না থাকলেও চাকার ওপর চলা এসব রোবট ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন অমান্যকারীদের সতর্ক করা এবং পথচারীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় হাংচৌ শহরের একটি ব্যস্ত মোড়ে দায়িত্ব পালন করছে ‘টি২’ নামের একটি রোবট। এর উচ্চতা ১ দশমিক ৮৮ মিটার এবং ওজন ৯৮ কেজি। স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সাপকন ইনফরমেশন রোবটটি তৈরি করেছে।
আরও পড়ুন: সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া
প্রতিষ্ঠানটির আনম্যানড সিস্টেমস ইনোভেশন সেন্টারের প্রধান কাও হুই জানান, রোবটের ক্যামেরার মাধ্যমে হেলমেটবিহীন বাইকার, ই-বাইকে অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক সংকেত অমান্যের মতো বিষয় শনাক্ত করা হয়। এরপর সংশ্লিষ্টদের সতর্কবার্তা দেয় রোবটটি।

যান্ত্রিক হাতের সাহায্যে ট্রাফিক সিগন্যালের সঙ্গে সামঞ্জস্য রেখে সংকেত দেওয়ার পাশাপাশি পথচারীদের দিকনির্দেশনা এবং ট্রাফিকসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে এটি। রোবটে থাকা জরুরি বোতাম চাপলে সরাসরি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।
গত মে মাস থেকে হাংচৌ শহরে ১৫টি রোবট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এসব রোবট মোতায়েনের পর হেলমেট না পরে যান চালানো এবং স্টপ লাইনের মতো নির্ধারিত সীমা অতিক্রমের ঘটনা ৪০ শতাংশের বেশি কমেছে।
আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের
কাও হুই জানান, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। বর্তমানে চীনের তিনটি প্রদেশের আটটি শহরে প্রায় ৫০টি রোবট কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা ২০০তে পৌঁছাতে পারে।

তবে প্রযুক্তিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তীব্র রোদ ও বৃষ্টির সময় রোবটের ক্যামেরার কার্যকারিতা মাঝে মাঝে ব্যাহত হয়।
চীনের বাইরে এই প্রযুক্তি রপ্তানির সম্ভাবনাও দেখছে চেরি-সমর্থিত রোবোটিক্স প্রতিষ্ঠান আইমোখা। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা চাং গুইবিং বলেন, বিভিন্ন দেশের আইন প্রয়োগের কাঠামো, তথ্য সুরক্ষা বিধিমালা ও স্থানীয় সার্টিফিকেশন প্রক্রিয়ার কারণে আন্তর্জাতিক বাজারে এসব রোবট রপ্তানি করা চ্যালেঞ্জিং হতে পারে।
সূত্র: রয়টার্স
