ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপের ঘোষণা ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যেই তেহরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।
একই সঙ্গে ইরানকে সহযোগিতা করা দেশ, প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে ইরানের ওপর ‘অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’ আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সৌদি আরবকে বড় হামলার হুঁশিয়ারি হুথিদের
ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র তেহরানকে যথেষ্ট সুযোগ দিয়েছে। তবে ইরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে এমন আর্থিক ও বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ট্রাম্প।
তিনি সতর্ক করে বলেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে বা দেশটির সঙ্গে অর্থনৈতিক লেনদেনে যুক্ত হলে ওই দেশকেও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর
ইরানের তেল চোরাচালান বন্ধের পাশাপাশি আর্থিক লেনদেনের বিভিন্ন ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং নামসর্বস্ব বা ‘ফ্রন্ট’ কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই ঘোষণায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়ার পাশাপাশি তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে।
