ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
ফ্রান্সের উত্তরাঞ্চলে কেন শহরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঘটনস্থল থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শক্রবার (১২ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ ও ফ্রান্সের রেল সেবা প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি নরমঁদি অঞ্চলের রৌয়েন জেলা থেকে কেন শহরের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্লেয়ঁন শহরের কাছে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খুঁজে বের করতে এসএনসিএফ ও পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ফরাসি পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রেললাইনে থাকা অজ্ঞাত কোনো বস্তুর সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রৌয়েনের পাবলিক প্রসিকিউটর সেবাস্টিয়েন গাল্লোইস জানান, দুর্ঘটনার সময় কিংবা এর আগে ট্রেনের চালক মাদক বা অ্যালকোহল গ্রহণ করেছিলেন কি না, তা যাচাই করতে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি।
আরো পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি, নেপথ্যে কী?
ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসায় ঘটনাস্থলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সেখানে ১৩০ জন ফায়ার সার্ভিস কর্মী, পাঁচটি মেডিকেল টিম এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
ট্রেনটির এক যাত্রী ২৪ বছর বয়সী লুইস জানান, দুর্ঘটনার আগে ট্রেনটিতে কয়েকবার তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এরপর আচমকাই ট্রেনটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।
আইসিআই নরম্যান্ডি রেডিওকে ওই যাত্রী বলেন, ঝাঁকুনির তীব্রতায় নিজের আসনে বসে থাকা কঠিন হয়ে পড়েছিল। একপর্যায়ে ট্রেনের একটি জানালা আংশিক ভেঙে যায় এবং রেললাইনের পাথর ছিটকে বগির ভেতরে ঢুকে পড়ে।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে লুইস জানান, পুরো পরিস্থিতিই ছিল অত্যন্ত আতঙ্কের। দুর্ঘটনার পরও তিনি ভয় কাটিয়ে উঠতে পারেননি।
