ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারের অবস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে। একই সময়ে ভারতের সঙ্গে বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
ফলে বাণিজ্যের পরিমাণে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে চীন।
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়ায় বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের তালিকায় এই পরিবর্তন এসেছে। গত এক বছরে দেশটি থেকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মার্কিন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ফলে গম, সয়াবিন বীজ, তুলা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরো পড়ুন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক
এর পাশাপাশি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে, বাংলাদেশ-ভারত বাণিজ্যে গত এক বছরে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন বিধিনিষেধ ও পাল্টাপাল্টি সিদ্ধান্তের প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর বিশেষ সুবিধা প্রত্যাহার করে।
ফলে দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।
সূত্র: ফার্স্টপোস্ট।
