যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত
পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে দেওয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
ব্লুমবার্গের বরাত দিয়ে ক্রিস রাইট বলেন, ইরান চাইলে দেশের বাইরে থেকে তাদের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা সম্ভব। তবে এ প্রস্তাব সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো চেষ্টা তারা কখনো করেনি।
ক্রিস রাইট বলেন, সংকটের সমাধান হলে ইরান আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে দেশটির জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, তেহরান থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের আশপাশে চলতি বছর নির্মাণকাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ‘চূড়ান্ত হামলা’ চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দেন। তিনি বলেন, ইরানে আরও বড় পরিসরে বোমা হামলা চালানো হতে পারে এবং দেশটি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।
এ ছাড়া নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে বিভিন্ন তৎপরতা ও নড়াচড়া শনাক্ত হওয়ার কথাও উল্লেখ করেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই ওই সাইটে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিডলইস্ট মনিটর
