পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
পাকিস্তানের কোহাতে পুলিশ লাইনের মসজিদে বোমা হামলার পরে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন কয়েকজন। ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবারের নামাজের সময় মুসল্লিরা মসজিদে জড়ো হলে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেয়। এরপরই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে অতর্কিত গুলি চালানো হয়।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে জানান, বিস্ফোরকবোঝাই গাড়িটি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। একই সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। গোলাগুলির মধ্যে স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
আইজিপি বলেন, পুলিশের সঙ্গে গোলাগুলিতে এখন পর্যন্ত তিন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ ‘লৌহপ্রাচীরের মতো’ রুখে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করতে পারেনি। শহীদদের রক্ত বৃথা যাবে না এবং সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের এর পরিণতি ভোগ করতে হবে।
আরও পড়ুন: মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
এদিকে কোহাট জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জিও নিউজকে জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি মরদেহ ও ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, বিস্ফোরণে মসজিদটির বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল।
হামলার পর নিরাপত্তার কারণে কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে আনার পর কোহাট ডিএইচকিউ প্রশাসন জরুরি অবস্থা জারি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
