মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ব্যাপক কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বিমানটিতে থাকা পাইলট দুর্ঘটনার আগে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি সচেতন ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলতে পারছিলেন।
জানা গেছে, এফ-১৬টি টেক্সাসের ১৪৯তম ফাইটার উইংয়ের। এটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।
দুর্ঘটনার আগে একই মহড়ায় থাকা আরেক পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটের প্রকাশিত অডিও অনুযায়ী, তিনি ধারণা করেছিলেন তার সঙ্গে থাকা এফ-১৬টি কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে। তবে সামরিক কর্মকর্তারা এখনো পাখির সঙ্গে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেননি।
দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট ছাড়া অন্য কেউ আহত হননি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এফ-১৬টির কী ধরনের সমস্যা হয়েছিল এবং দুর্ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কারণ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
