আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এই হামলার ফলে প্রায় তিন মাসের তুলনামূলক স্থিতিশীলতার অবসান ঘটে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, ‘কুনার প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।’
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমা হামলা চালানো হয়েছে। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আরো পড়ুন: দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়েছে। ওই সময় দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ নাকচ করে বলেছে, পাকিস্তানের জঙ্গি সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
সোমবারের বিমান হামলার কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন নিহত হন।
এর আগে জুলাই মাসে পাকিস্তানের দিকে আফগানিস্তান থেকে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে। জবাবে পাকিস্তানি বাহিনী দাবি করে, তারা ওই ড্রোনগুলো শনাক্ত করে ভূপাতিত করেছে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটে মার্চে। সে সময় কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করে আফগান তালেবান। হামলায় একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, তাদের অভিযান ছিল ‘সুনির্দিষ্ট’ এবং হামলার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো।
