×

আন্তর্জাতিক

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

ছবি : সংগৃহীত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পাঠানো পারমাণবিক জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। ২৪ সেপ্টেম্বর জ্বালানি বহনকারী একটি কার্গো বিমানের বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানের অনুমতি না মেলায় পরিবহন পরিকল্পনা স্থগিত করতে হয়। তবে ইসলামাবাদ কেন ওই বিমানকে আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়নি, তা এখনো স্পষ্ট নয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম দেশে পৌঁছানো সম্ভব হয়নি। পাকিস্তান কেন অনুমতি দেয়নি, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, রাশিয়া নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর একটি তারিখ প্রস্তাব করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এএনআইকে তিনি বলেন, জ্বালানি পরিবহনের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। পরে রুশ পারমাণবিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাটমের সমন্বয় কর্মকর্তা জানান, নির্ধারিত রুটে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। এরপর পরিবহন কার্যক্রম বন্ধ রাখতে হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন এই প্রকল্পটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

প্রকল্পটিতে তৃতীয় প্রজন্মের দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আসে। রোসাটমের নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্টে উৎপাদিত ১৬৪টি নতুন জ্বালানি সংবলিত ওই চালান রাশিয়ার একটি কার্গো বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছিল।

পরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষভাবে সুরক্ষিত কনটেইনারে করে এসব জ্বালানি ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারা দেন এবং জ্বালানি পরিবহনে ‘গ্রিন করিডোর’ ব্যবহার করা হয়।

সূত্র: এএনআই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪

কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে যে নির্দেশনা

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে যে নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App