জামায়াত
বিএনপির মদদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মদদের অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করতে পারে। হামলায় জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তার দাবি, ওই মেয়েকে ঘিরে ঘটে যাওয়া একটি বিষয়, যা ইতোমধ্যে মীমাংসা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও দাবি করেন, সংসদ সদস্য গোলাম রসুল তার মেয়ের অসুস্থতার বিষয়টি ব্যাখ্যা করার পরও ঘটনাকে কেন্দ্র করে জনতাকে উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে তাদের ধারণা।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে দলকে বিতর্কিত করতে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
তিনি ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান।
